রাঙ্গামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের ভক্তকার্বারি পাড়ায় মর্মান্তিক এক ঘটনা ঘটেছে। মায়ের কোলে বুকের দুধ খাওয়ার সময় বজ্রপাতে প্রাণ হারিয়েছে আট মাস বয়সী শিশু ডেভিড চাকমা। এ ঘটনায় আহত হয়েছেন তার মা মিতালি ত্রিপুরা।
বজ্রপাতের ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ জুন) বিকেল ৪টার দিকে। পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, সে সময় প্রবল বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। শিশুকে কোলে নিয়ে ঘরের বারান্দায় বসে ছিলেন মিতালি ত্রিপুরা। হঠাৎ প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে মা ও শিশু দুজনেই বিদ্যুতায়িত হয়ে অচেতন হয়ে পড়েন।
পরে পরিবারের সদস্যরা দ্রুত ছুটে এসে দেখতে পান মা ও ছেলে নিথর হয়ে পড়ে আছে। কিছু সময় পর মিতালির জ্ঞান ফিরলেও শিশু ডেভিড আর ফিরে আসেনি।
স্থানীয় যুবক সুগত চাকমা জানান, নিহত শিশুটি ধনময় চাকমা ও মিতালি ত্রিপুরার সন্তান। আহত মাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অজয় মিত্র চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এটি অত্যন্ত হৃদয়বিদারক ঘটনা। মায়ের কোলেই শিশুর মৃত্যু হয়েছে বজ্রপাতে। এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে সবাইকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।”
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সূত্রঃ কালের কন্ঠ







