Home দুর্ঘটনা চট্টগ্রামে জাহাজ ডুবি: ৪ নাবিকের লাশ উদ্ধার

চট্টগ্রামে জাহাজ ডুবি: ৪ নাবিকের লাশ উদ্ধার

110
0
চট্টগ্রামে জাহাজ ডুবি: ৪ নাবিকের লাশ উদ্ধার
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জাহাজডুবির ঘটনায় নিখোঁজ ৬ নাবিকের মধ্যে ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে বহির্নোঙ্গর এলাকা থেকে দু’জনের লাশ উদ্ধার করে কোস্টগার্ড। এরপর নৌবাহিনীর সহায়তায় বহির্নোঙর থেকে তৃতীয় এবং ভাটিয়ারী এলাকা থেকে চতুর্থ লাশটি উদ্ধার করা হয়। এদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে।

এরা হলেন, সুরুজ মিয়া পিতা-খাসরুত জামান, নাজমুল হাসান পিতা-আকরাম মোল্লা, জাহিদুল ইসলাম পিতা-নুরুল মোল্লা। নিখোঁজ বাকি ২ নাবিকের লাশ উদ্ধারে অভিযান চলছে বলে জানা গেছে।

এসব তথ্য জানিয়ে কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা কাজী আল আমিন বলেন, গত বুধবার বিকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে দুই নটিক্যাল মাইল দূরে পাথরবোঝাই লাইটারেজ জাহাজ এমভি সুলতান সানজারের সঙ্গে এমভি আকিজ লজিস্টিকস জাহাজের সংঘর্ষ হয়।

এতে এমভি সুলতান সানজার জাহাজটি ডুবে যায়। জাহাজে থাকা নয় নাবিকের মধ্যে তিনজন সমুদ্রে লাফিয়ে পড়েন। পরে তাদের জীবিত উদ্ধার করা হয়। দুর্ঘটনার পর থেকে কোস্টগার্ড জাহাজ অপূর্ব বাংলা ও কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা উদ্ধার অভিযান চালিয়ে আসছে। শুক্রবার সকাল থেকে বিভিন্ন সময়ে মোট চারটি লাশ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও নৌবাহিনী। এর মধ্যে তিনজনের লাশের পরিচয় তাদের আত্মীয়-স্বজনরা শনাক্ত করেছেন।

এছাড়া, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে এফভি মাগফেরাত নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে যাওয়ার ঘটনায় গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার উদ্ধার অভিযান অব্যাহত থাকলেও আর কোনো লাশ পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ শুক্রবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্রঃ ইত্তেফাক