Home বাংলাদেশ সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত

136
0
সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত
ফাইল ছবি

সিলেটে জেলায় পাঁচ দফা দাবিতে চলা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করেছে পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার রাত ১০টার দিকে পরিবহন শ্রমিকদের কর্মবিরতি স্থগিত ঘোষণা করা হয়।

মঙ্গলবার রাতে সার্কিট হাউসে সিলেটের প্রশাসনের সঙ্গে পরিবহন শ্রমিক নেতাদের বৈঠকে দাবি পূরণের আশ্বাসের প্রেক্ষিতে কর্মবিরতি স্থগিতের ঘোষণা দেন পরিবহন শ্রমিক নেতারা।

এ তথ্য নিশ্চিত করে সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, ‘প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের অনুরোধ করেছেন। প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি স্থগিত করছি।’

বৈঠকে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেনসহ সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ।

পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের দাবিগুলো হচ্ছে- সিলেট মহানগর পুলিশ (এসএমপি) কমিশনার মো. নিশারুল আরিফ ও উপ-কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদের অপসারণ, ট্রাফিক পুলিশের হয়রানি ও রেকার বাণিজ্যসহ মাত্রাতিরিক্ত জরিমানা বন্ধ করা, সিলেটে শ্রম আদালতের প্রতিনিধি শ্রমিক লীগের নাম ব্যবহার করে প্রভাব বিস্তারকারী নাজমুল আলম রোমেনকে প্রত্যাহার, উচ্চ আদালতের নির্দেশনার আলোকে পাথর কোয়ারিগুলো খুলে দেওয়া, ভাঙাচোরা রাস্তাগুলোর দ্রুত সংস্কার এবং নতুন সিএনজিচালিত অটোরিকশা বিক্রি বন্ধ এবং ইতিপূর্বে বিক্রয়কৃত গাড়ির রেজিস্ট্রেশন প্রদান।

এ ছাড়া অনুমোদনহীন গাড়ি যেমন- অটোবাইক, ব্যাটারিচালিত রিকশা ও ডাম্পিংকৃত গাড়ি চলাচল বন্ধ রাখা।

এদিকে সোমবার রাতে পরিবহন শ্রমিক নেতাদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিল প্রশাসন। তবে তারা অনুরোধ প্রত্যাখ্যান করে ধর্মঘট শুরু করেন।