Home দুর্ঘটনা আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন; রক্ষা পেলেন ১৭৩ যাত্রী

আমেরিকান এয়ারলাইন্সের বিমানে আগুন; রক্ষা পেলেন ১৭৩ যাত্রী

278
0
আমেরিকান এয়ারলাইন্সের বিমানে

আমেরিকায় তখন শনিবার দুপুর ২টা বেজে ৪৫ মিনিট। ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের ৩০২৩ বিমানটি উড়ানের প্রস্তুতি নিচ্ছিল। গন্তব্য মায়ামি।

বিমানে ছিলেন ১৭৩ জন যাত্রী। কিন্তু উড়ানের ঠিক আগের মুহূর্তে বিমানের ল্যান্ডিং গিয়ারে সমস্যা দেখা দেয়। ওই সমস্যা কাটিয়ে ওড়ার চেষ্টা করতেই আগুন ধরে যায়। ধোঁয়ায় ঢেকে যায় চারিদিক। আপদকালীন সাইরেন বাজতে থাকে। কন্ট্রোলার ককপিটে সতর্কবার্তা পাঠান। তিনি জানান, উড়ানটিতে প্রচণ্ড ধোঁয়া দেখা যাচ্ছে। আগুনের শিখাও লক্ষ করা যাচ্ছে। ক্রমশ সেটা ছড়াচ্ছে।
তৎক্ষণাৎ ইমার্জেন্সি ইভ্যাকুয়েশন শুরু করা হয়। খুলে দেওয়া হয় বিমানের স্লাইড গেট। একে একে যাত্রীদের নামিয়ে আনা হয়। জানা গেছে, এক যাত্রী সামান্য আঘাত পেয়েছেন। বাকিদের সবাইকে নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে।

ওই দুর্ঘটনার বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে । তাতে দেখা যাচ্ছে, বিমানের বাঁ দিকের পেছনের অংশ দিয়ে গল গল করে কালো ধোঁয়া বের হচ্ছে। তখন লাফ দিয়ে নামতে দেখা যায় কয়েক জন যাত্রীকে। ঘটনাস্থলে দেখা যায় ডেনভারের দমকল বিভাগের কর্মীদের।ঘটনাটি ঘটে বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ বিমানে। প্রত্যক্ষদর্শীদের কথায়, ‘হঠাৎ তীব্র ঝাঁকুনির পর জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ধোঁয়া চারিদিকে। আগুনের ফুলকিও দেখতে পাই। সঙ্গে সঙ্গে বিমানের ভেতর শুরু হয় কান্নাকাটি, চিৎকার।

‘আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, বিমানের টায়ারে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। সেখান থেকেই আগুন লাগে। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

তবে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যাত্রী এবং বিমানকর্মীদের সকলকেই নিরাপদে বার করে আনা সম্ভব হয়েছে। বার বার বোয়িংয়ের বিমানে দুর্ঘটনায় আতঙ্ক ছড়াচ্ছে। আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান ভেঙে প্রায় আড়াইশো জনের মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ঘটে একের পর এক বিমান বিপত্তি।

সূত্রঃ মানবজমিন