Home ক্যাম্পাস ও শিক্ষা র‌্যাগ ডে’র নামে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও অশ্লীলতা বন্ধের নির্দেশ

র‌্যাগ ডে’র নামে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বুলিং ও অশ্লীলতা বন্ধের নির্দেশ

146
0

র‌্যাগ ডে’র নামে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টি, উদ্যম নৃত্য, বুলিং ও অশ্লীলতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

এ বিষয়ে আগামী ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতেও বলা হয়েছে। শিক্ষাসচিব, তথ্যসচিব, সংস্কৃতিসচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানসহ বিবাদীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে।

৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান রিটটি করেন। এ আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৭ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এই আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী মোহাম্মদ কামরুল হাসান জানান, অশ্লীলতা ও নগ্নতা বন্ধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আগামী চার সপ্তাহ বা এক মাসের মধ্যে শিক্ষা সচিব, তথ্য সচিব, সংস্কৃতি সচিব, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান, ঢাবি, রাবি, জাবি, খুবি ও ববির উপাচার্য, পুলিশের মহাপরিদর্শক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, আইনজীবী কামরুল হাসান বলেন, সম্প্রতি র‌্যাগ ডে’র নামে শিক্ষাপ্রতিষ্ঠানে ডিজে পার্টির আয়োজন করা হয়। এগুলোর স্থিরচিত্র ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ছাত্র-ছাত্রীদের নৈতিক জীবন মান তৈরিতে কারিগর হওয়ার কথা শিক্ষকদের। অথচ সেই শিক্ষা প্রশাসকদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের উপস্থিতিতে চরম নৈতিক অবক্ষয়মূলক কার্যকলাপ চলছে।

আগামী প্রজন্মকে অপসংস্কৃতির হাত থেকে রক্ষা করতে র‌্যাগ ডে’র নামে এসব অশ্লীল কার্যক্রম শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ করা প্রয়োজন বলে মনে করেন তিনি।