মেহেরপুর মুজিবনগরের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার ভিডিপি নিরাপত্তার দায়িত্ব পালনের ২ হাজার ২০০ টাকা সম্মানী পেতে ৫০০ থেকে ১ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে আনসার ভিডিপির ইউনিয়ন কমান্ডারদের বিরুদ্ধে।
রোববার (২৪ এপ্রিল) সকালে মুজিবনগর উপজেলা কমপ্লেক্স আনসার ভিডিপি অফিসের সামনে বেতন ভাতা দেওয়ার সময় ঘুষ নেওয়ার অভিযোগ তুলে বিক্ষোভ করেন আনসার ভিডিপির ৪ ইউনিয়নের সদস্যরা।
এ সময় তারা বলেন, দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ডিউটি করতে ইউনিয়ন কমান্ডাররা তাদের কাছে থেকে ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা নিয়েছে। টাকা না দিলে ডিউটিতে নাম দেবে না বলে অভিযোগ করেন তারা। আনসার সদস্যদের বলা হয়েছে নির্বাচনে নিরাপত্তার দায়িত্ব পালন শেষে প্রত্যেককে ৪ হাজার টাকা করে দেওয়া হবে। কিন্তু রোববার (২৪ এপ্রিল) দুপুরে ৬৮০ সদস্যকে ২ হাজার ১৮৫ টাকা করে দেওয়া হয়। এতে বিক্ষোভ করতে থাকে আনসার সদস্যরা। সেইসঙ্গে ঘুষের টাকা ফেরত দেওয়ারও দাবি জানান তারা।
বিষয়টি নিয়ে মুজিবনগর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম বলেন, আমি নির্বাচনী ব্রিফিংয়ের দিন সকলকে বলেছিলাম, ডিউটি করানোর জন্য কেউ যদি আপনাদের কাছে থেকে টাকা নিয়ে থাকে তাহলে আমাকে বলেন আমি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। কিন্তু তখন কেউ মুখ খোলেনি।
আজ বেতন নিতে এসে তারা সকলে আন্দোলন করছে যে তাদের কাছ থেকে ইউনিয়ন দলনেতারা টাকা নিয়েছে। তবে তারা আমার কাছে লিখিত অভিযোগ করলে তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে টাকা নেওয়ার সত্যতা প্রমাণ হলে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রঃ সময় টিভি







