মিরপুরে গার্মেন্টসে ভয়াবহ আগুন
ছবিঃ যুগান্তর

রাজধানীর মিরপুরের রূপনগরে একটি পোশাক কারখানা ও কেমিক্যাল গুদামে লাগা ভয়াবহ আগুনে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় একাধিক ব্যক্তি দগ্ধ হয়েছেন বলেও জানা গেছে।

মঙ্গলবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী নিশ্চিত করেছেন যে, আগুন লাগা পোশাক কারখানার দ্বিতীয় তলা থেকেই ৯ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর আসে এবং এর প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

সূত্রঃ যুগান্তর