গাজীপুরের শ্রীপুরে লাকড়িবাহী একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের চালক বাবা-মেয়ে ও শ্বাশুড়ি নিহত হয়েছেন।
বুধবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার মাওনা ইউনিয়নের বদনীভাঙ্গা গ্রামের চুক্কাবাড়ি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান দুর্ঘটনা ও নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- শিরিশগুড়ি গ্রামের ৩০ বছর বয়সী বাবুল মিয়া, তার মেয়ে ৭ বছরের নুসরাত ও তার শ্বাশুড়ি বদনীভাঙ্গা গ্রামের মৃত আব্দুস ছোবহানের স্ত্রী ৫০ বছর বয়সী বাছিরন।
ওসি মনিরুজ্জামান জানান, বাবুল মিয়া মোটরসাইকেলে করে শ্বাশুড়ি ও মেয়েকে নিয়ে পাশের বেতঝুড়ির এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। সংযোগ সড়ক থেকে বদনীভাঙ্গা এলাকার প্রধান সড়কে ওঠার সময় শৈলাট গাজীপুরগামী লাকড়ি বোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তারা মোটরসাইকেল নিয়ে সড়কে ছিটেকে পড়েন। ঘটনাস্থলেই বাছিরন নিহত হন।
তিনি আরও জানান, পরে স্থানীয়রা বাবা ও মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শিশু নুসরাত মারা যায়। পরে প্রাথমিক চিকিৎসার পর বাবা বাবুল মিয়াকে ময়মনসিংহ মেডকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি আটক করেছে। পরে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ। তবে ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন বলে জানান ওসি।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ







