ভারতের পশ্চিমাঞ্চলীয় গুজরাট রাজ্যে একটি সেতু ধসে পড়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আজ রোববার (৩০ অক্টোবর) দেশটির স্থানীয় সময় সন্ধ্যা নাগাদ মোরবি জেলায় মাছু নদীর উপর ওই ঝুলন্ত সেতু হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই সময় নদীতে শতাধিক মানুষ ছিটকে পড়ে যায়। নিখোঁজ উদ্ধারে অভিযান চলছে।
দেশটির এক মন্ত্রী বলেছেন, সরকার এই দুর্ঘটনার দায় নিজেদের কাঁধে নিয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ধ্যা ৬ টা ৪২ মিনিটে ব্রিজটি ধসে পড়ে। সেইসময় ব্রিজটিতে অন্তত ৫০০ জন ছিলেন। হিন্দু ধর্মাবলম্বী তাদের এক পূজা পালনের জন্য জড়ো হয়েছিলেন।
রিপোর্টের বরাত দিয়ে বলা হয়েছে, নদীতে এখনো ১০০ জন আটকা পড়ে আছেন। ভিডিওতে দেখা গেছে, অনেকে অন্ধকারের মধ্যে নদীর তীরে ফেরার চেষ্টা করছেন। এখন পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পরই গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেলকে ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি রাজ্য প্রশাসনকে উদ্ধারকাজে গতি আনার নির্দেশ দিয়েছেন। পরে প্রধীনমন্ত্রীর সচিবালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করার জন্য এবং পরিস্থিতির দিকে সজাগ নজর রাখার জন্য তিনি সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশ দিয়েছেন।”
মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে গুজরাত সরকার।










