নিয়ন্ত্রণে আসেনি চট্টগ্রামের আগুন

আগুন লাগার পর পাঁচ ঘণ্টা পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আনা যায়নি চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানার আগুন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকেও কারখানা ভবনের ওপরের কয়েকটি তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

এ অবস্থায় ফায়ার সার্ভিসের ১৫টির সাথে নৌবাহিনীর পাঁচটি ইউনিট আগুন নেভানোর কাজে যুক্ত হয়েছে। সবমিলিয়ে এখন ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সাততলা ভবনটির ওপরের তলাটি কারখানার গুদাম হিসেবে ব্যবহৃত হত বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম।তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

আগুন লাগার পর ঘটনাস্থলে গিয়ে দুই ডজনের মতো ব্যক্তিকে ভবন থেকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

সূত্রঃ নয়াদিগন্ত