সেই নব্বই দশক জুড়ে
মুক্তির গান গেয়ে–
উঠত জেগে বাংলাদেশের
সকল ছেলেমেয়ে!
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
আন্দোলনের ধারায়
ঝাণ্ডা তুলে তারেক মাসুদ
সামনে এসে দাঁড়ায়।
জামাত-শিবির দাপট দেখায়
সমস্ত দেশ জুড়ে,
রানওয়েতে নামল তখন
স্বপ্ন তোমার উড়ে।
দেখিয়ে গেছ দেশের তরুণ
ফিরল মায়ের কোলে–
তালেবানের হাতছানিকে
মিশিয়ে পায়ের তলে!
নতুন দিনের ছবির মানুষ,
আর কিছু তুই না হস,
তারেক মাসুক হোক না শেখার–
স্পষ্ট কথার সাহস।
বছর ঘুরে আবার আসে
আগস্ট মাসের তেরোই,
দুঃসহ সেই স্মৃতির সড়ক
কেমন করে পেরোই?
একলা রাতের আকাশ দেখি
বিছিয়ে শরীর ঘাসে,
আদম সুরত তারেক মাসুদ
ঝিকমিকিয়ে হাসে!








