Home দুর্ঘটনা মনপুরায় ভয়াবহ আগুনে ১২ দোকান পুড়ে ছাই

মনপুরায় ভয়াবহ আগুনে ১২ দোকান পুড়ে ছাই

159
0
ছবিঃ সংগৃহীত

ভোলার মনপুরার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিনের আনন্দ বাজারে চায়ের দোকানের গ্যাস স্লিন্ডার বিস্ফোরণের আগুনে ১২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করেছেন বাজার ব্যবসায়ীরা। সোমবার (১১ জুলাই) বিকাল সাড়ে ৩টায় এ ঘটনা ঘটে।

মঙ্গলবার (১২ জুলাই) প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে প্রতিদিনকার মতো বাজারের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে যান। এসময় রাকিবের চা দোকানের গ্যাস স্লিন্ডার বিস্ফোরণ হয়ে আগুন ছড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে ১২টি দোকান পুড়ে যায়। খবর পেয়ে দ্রুত উপজেলা সদর থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কোনো হতাহত হয়নি।

পুড়ে যাওয়া দোকানগুলো হলো রিপনের কীটনাশক দোকান, আব্বাসের জুতার দোকান, মিজানের ওষুধের দোকান, রাসেলের মনিহারী দোকান, জিহাদের ফার্মেসি, রাকিবের চায়ের দোকান, খোকনের মুদিদোকান, ছাইফুলের মুদি দোকান, জাবেদের মুদি দোকান, নুরুজ্জামান ফরাজীর চায়ের দোকান, আইয়ুব আলীর কাঠের দোকান ও জামালউদ্দিনের মুদি দোকান।

খবর পেয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরীর নের্তৃত্বে উপজেলা আ’লীগ নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান বলেন, ‘আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা তৈরি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের সরকারিভাবে সহযোগিতা করা হবে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং ওই আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি এই অনাকাঙ্খিত ঘটনায় দুঃখ প্রকাশের পাশাপাশি সমবেদনা জানিয়েছেন।