Home দুর্ঘটনা ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একে একে ৩ বাসের ধাক্কা, নিহত ২

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে একে একে ৩ বাসের ধাক্কা, নিহত ২

136
0
একে একে ৩ বাসের ধাক্কা
ছবিঃ যুগান্তর

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে পরপর তিন বাসের ধাক্কায় ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে বাসচাপা পরে শিশুসহ দুজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন।

রবিবার (১৪ আগস্ট) বিকেলে এক্সপ্রেসওয়ের কেয়টখালী এলাকায় ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি। আহত ১০ জনকে চিকিৎসার জন্য শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেলে নিহত ওই ২ জন বাসে ওঠার জন্য কেওটখালী এলাকায় এক্সপ্রেসওয়ের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় ঢাকামুখী মোল্লা পরিবহনের একটি বাস তাদের উঠানোর জন্য গতি কমিয়ে আনে।

এ সময় পেছন থেকে আসা সাকুরা পরিবহন ও শরীয়তপুর পরিবহনের ২টি বাস পরপর পেছন থেকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা মোল্লা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ও এক ব্যক্তিকে চাপ দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় আহত হন তিন বাসে থাকা অন্তত ১০ যাত্রী। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যায় তিনটি বাসের বিভিন্ন অংশ। খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহফুজ জানান, ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে। আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

এ বিষয়ে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জোবায়েদ আহসান খান জানান, বাস দুর্ঘটনায় ১০ জনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, গাড়ি তিনটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সূত্রঃ ইত্তেফাক