Home রাজনীতি জামায়াতে ইসলামী ও চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের বৈঠক

জামায়াতে ইসলামী ও চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের বৈঠক

258
0
জামায়াতে ইসলামী ও চীনের কমিউনিস্ট পার্টির

রাজধানীর গুলশানে অবস্থিত হোটেল ওয়েস্টিনে আজ রবিবার (২৭ এপ্রিল ২০২৫) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দলের সাথে চীনের কমিউনিস্ট পার্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের মহাপরিচালক পেং জিউবিন-এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দলের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জামায়াতে ইসলামীর প্রতিনিধি দলে নেতৃত্ব দেন সংগঠনের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের। তার সঙ্গে ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এবং মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন।

বৈঠক শেষে এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে ডা. তাহের বলেন, “চীনের কমিউনিস্ট পার্টির মহাপরিচালক পেং জিউবিন গত তিনদিন ধরে বাংলাদেশ সফর করছেন। তিনি ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, পেশাজীবী সংগঠন, সরকারি প্রতিনিধি ও সাংবাদিক নেতৃবৃন্দের সাথে বৈঠক করেছেন। আজকের এই বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদের সাথে পার্টি টু পার্টি আলোচনা হয়েছে।”

তিনি জানান, গত ডিসেম্বরে জামায়াতে ইসলামী প্রতিনিধি দল চীনা সরকারের আমন্ত্রণে বেইজিং সফর করেছিল, আর আজকের বৈঠকটি ছিল দলীয় পর্যায়ের। বৈঠকে উভয় পক্ষ অর্থনীতি, রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে খোলামেলা আলোচনা করেছে।

ডা. তাহের বলেন, “চীন বর্তমানে বাংলাদেশের অন্যতম প্রধান বিনিয়োগকারী। আমরা তিস্তা ব্যারেজ, দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ এবং গভীর সমুদ্রবন্দরসহ বিভিন্ন প্রকল্পে চীনের আরও বৃহত্তর বিনিয়োগ আহ্বান করেছি। বিশেষ করে ব্লু ইকোনমি প্রসারে চীনের ভূমিকা আমরা স্বাগত জানিয়েছি।”

আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতেও বৈঠকে আলোচনা হয়। জামায়াত প্রতিনিধিরা চীনা প্রতিনিধিদের অনুরোধ করেন, যেন এই অঞ্চলে নিরাপত্তার ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি, বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য চীনে আরও স্কলারশিপ বৃদ্ধি করার আহ্বান জানানো হয়।

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে জামায়াত প্রতিনিধি দল একটি স্বাধীন আরাকান স্টেট গঠনের প্রস্তাব দেয়, যেখানে রোহিঙ্গারা সংখ্যাগরিষ্ঠ হবে। চীনা প্রতিনিধি দল এ বিষয়ে তাদের সরকারকে অবহিত করার আশ্বাস দিয়েছে।

নির্বাচন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডা. তাহের বলেন, “চীনা প্রতিনিধিরা বাংলাদেশের আসন্ন নির্বাচনের সময় জানতে চেয়েছিলেন। আমরা জানিয়েছি, ডিসেম্বর অথবা প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ হলে জুনেও নির্বাচন হতে পারে।” তিনি আরও জানান, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে অটুট রয়েছে।

ডা. তাহের আশাবাদ ব্যক্ত করেন, সরকার টু সরকার, দল টু দল এবং জনগণ টু জনগণ স্তরে বাংলাদেশ ও চীনের সম্পর্ক আরও গভীর ও সুদৃঢ় হবে। জামায়াতের পক্ষ থেকেও চীনের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিদের বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানানো হবে বলে তিনি জানান।

সূত্রঃ জামায়াতে ইসলামী অফিসিয়াল ফেসবুক পেজ