Home রাজনীতি নিরপেক্ষতা না থাকলে প্রতিটি আসনেই ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা

নিরপেক্ষতা না থাকলে প্রতিটি আসনেই ৫ আগস্ট হতে পারে: রুমিন ফারহানা

152
0
রুমিন ফারহানার হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া নির্বাচনে প্রশাসন, নির্বাচন কমিশন ও সরকারের নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন দেখা দিলে এবং জনমতের প্রতিফলন না ঘটলে যেকোনো আসনেই ‘৫ আগস্ট’-এর মতো গণ-অভ্যুত্থান হতে পারে বলে সতর্ক করেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজার এলাকায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

ভোটের পরিবেশ নিয়ে সতর্কবার্তা রুমিন ফারহানা বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের আবহ তৈরি হয়েছে। আমার আসনের ৫ লাখ ভোটার নিরাপদে ও নিশ্চিন্তে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেবেন—এমনটাই প্রত্যাশা করি। পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনকে একটি নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে হবে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি নিরপেক্ষতার ঘাটতি দেখা যায়, তবে ৫ আগস্টের গণবিপ্লবের কথা সবাইকে মনে রাখতে হবে। সেই পরিস্থিতি দেশের যেকোনো আসনে পুনরাবৃত্তি হতে পারে।

প্রশাসনের প্রতি আহ্বান প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আইন সবার জন্য সমান। কোনো প্রার্থীকে বিশেষ চোখে দেখার সুযোগ নেই। আমি অনুরোধ করব, আপনারা আপনাদের ওপর অর্পিত দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করুন। কোনো ভোটার বা কর্মীকে যেন ভয়ভীতি দেখানো না হয়।”

পুরোনো বিতর্ক ও জরিমানা প্রসঙ্গ উল্লেখ্য যে, গত শনিবার (১৭ জানুয়ারি) সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রুমিন ফারহানার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ওই সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে রুমিন ফারহানার তর্কে জড়ানো এবং ‘আঙুল উঁচিয়ে’ কথা বলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যপক আলোচনার সৃষ্টি হয়। আজকের সভায় তিনি মূলত সেই ঘটনার পর প্রশাসনের নিরপেক্ষতা নিয়েই কঠোর অবস্থান জানান দিলেন।