Home দুর্ঘটনা মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষঃ ১১ জন নিহত

মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষঃ ১১ জন নিহত

187
0
মীরসরাইয়ে ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষঃ ১১ জন নিহত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম জেলার মীরসরাইয়ে মহানগর প্রভাতী ট্রেনের ধাক্কায় পর্যটকবাহী মাইক্রোবাসের ১১ যাত্রী নিহত হয়েছেন।শুক্রবার দুপুর ২টার দিকে মিসরাই বড়তাকিয়া রেলস্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে নিহতরা সবাই পর্যটক বলে নিশ্চিত করেছে ফায়ারসার্ভিস।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা এলাকায় রাস্তা পার হওয়ার সময়ে মাইক্রোবাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম অভিমুখী একটি ট্রেন। ট্রেনটি ওই মাইক্রোবাসকে ধাক্কা দিয়ে প্রায় এক কিলোমিটার সামনে নিয়ে যায়। ট্রেনটি বর্তমানে মিরসরাইয়ে আটকে আছে বলে জানা গেছে।

মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “পর্যটকবাহী একটি মাইক্রোবাসের সঙ্গে প্রভাতি ট্রেনের সংঘর্ষে বেশ কয়েকজন নিহত হয়েছেন। তবে বিস্তারিত এখনও জানি না।”

দুর্ঘটনায় নিহতরা খৈয়াছড়া ঝর্ণা দেখে ফেরার পথে তাদের মাইক্রোবাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এ প্রসঙ্গে চট্টগ্রামের রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, “খৈয়াছড়া এলাকায় একটি ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের কয়েকজন যাত্রী নিহত হয়েছেন।”

রেল কর্মকর্তা আনসার আলী বলেন, “ট্রেন আসায় গেইটম্যান সাদ্দাম বাঁশ ফেলেছিলেন। কিন্তু মাইক্রোবাসটি বাঁশ ঠেলে ক্রসিংয়ে উঠে পড়ে।”