চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে এক সাথে দুই সহোদর তাদের এক বন্ধুকে নিয়ে ঘুরতে যায় মিরসরাইয়ের নাপিত্তা ছড়া ঝর্ণায়। গত রবিবার (১৯ জুন) বিকালে তারা তিনজনই নিখোঁজ হলে দিবাগত রাতে ঝর্ণা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।
গতকাল রবিবার সকালে তৌফিক আহম্মেদ তারেক, মাসুদ আহম্মেদ তানভীর ও ইশতিয়াকুর রহমান প্রান্ত চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকা থেকে নাপিত্তা ছড়া ঝর্ণা দেখার উদ্দেশ্যে বের হয়। এরপর তারা ঝর্ণা এলাকার একটি টি স্টলে নিজেদের ব্যাগ রেখে ঝর্ণার চূড়ায় আরোহণ করে। এরপর তারা তিনজনই নিখোঁজ হয়।
তবে ঝর্ণার দায়িত্বে থাকা ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মিরসরাই থানা পুলিশকে খবর দেয়। এরপর ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা রাত ৮টার দিকে নিখোঁজ ইশতিয়াকের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ তার মরদেহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ইশতিয়াক চট্টগ্রাম নগরীর হালিশহর বি ব্লকের মোহাম্মদ জাকারিয়ার ছেলে। তার বয়স ২০ বছর।
নিখোঁজ দুই সহোদর তানভীর ও তারেকের মধ্যে তানভীরের মরদেহ একটি ছড়া থেকে সোমবার বিকাল ৪টায় উদ্ধার করা হয়েছে। তবে তানভীরের ছোট ভাই কলেজিয়েট স্কুল এন্ড কলেজের ছাত্র তারেকের সন্ধান এখনো পাওয়া যায়নি। তারা চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকার বি ব্লকের বাসিন্দা। তবে তাদের গ্রামের বাড়ি মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম জোয়ার গ্রামে। বাকিজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবরী দল কাজ করছে।








