ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে এক নতুন মাত্রা যোগ করলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিএনপির ইশতেহার ঘোষণার কয়েক ঘণ্টা পরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একটি প্রকাশ্য মঞ্চে সরাসরি বা লাইভ আলোচনার (Debate) আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই প্রস্তাব দেন।
‘বৈধতা আসে অবাধ নির্বাচনের মাধ্যমে’
ডা. শফিকুর রহমান তার পোস্টের শুরুতেই তারেক রহমানকে উদ্দেশ্য করে লেখেন,
“শ্রদ্ধেয় তারেক রহমান, বৈধতা আসে কেবল একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। স্বচ্ছতা এবং জনআস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না।”
তিনি আরও উল্লেখ করেন যে, জুলাই বিপ্লবের পর রাজনীতিকে মার্জিত এবং সংঘাতমুক্ত করা তরুণ প্রজন্মের কাছে আমাদের একটি বড় দায়বদ্ধতা। ভবিষ্যৎ শাসনে এমন মানদণ্ড নির্ধারণের আহ্বান জানান তিনি, যা সমালোচনা সহ্য করবে এবং হবে জবাবদিহিমূলক।
সরাসরি আলোচনার আহ্বান
ইশতেহার নিয়ে সরাসরি জনগণের মুখোমুখি হওয়ার প্রস্তাব দিয়ে জামায়াত আমির লেখেন, “যেহেতু আপনি আপনার পরিকল্পনা ঘোষণা করেছেন, আমি আপনাকে একটি প্রকাশ্য মঞ্চে সরাসরি আলোচনার আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে দেব।”
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বড় দুই দলের শীর্ষ নেতাদের মধ্যে এ ধরনের প্রকাশ্য আলোচনার সংস্কৃতি নেই বললেই চলে। জামায়াত আমিরের এই আমন্ত্রণ নতুন এক অধ্যায়ের সূচনা করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।
জনগণের ইচ্ছাকে সম্মান
ডা. শফিকুর রহমান তার পোস্ট শেষ করেন এই বলে যে, আসুন আমরা ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এমন এক অধ্যায় শুরু করি, যেখানে সবাই জনগণের ইচ্ছাকে সম্মান জানাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকব।







