Home রাজনীতি ঢামেকে মির্জা আব্বাসকে দেখে হাদি সমর্থকদের ‘ভুয়া’ স্লোগান: উত্তেজনা সামাল দিল সেনাবাহিনী

ঢামেকে মির্জা আব্বাসকে দেখে হাদি সমর্থকদের ‘ভুয়া’ স্লোগান: উত্তেজনা সামাল দিল সেনাবাহিনী

407
0
ঢামেকে মির্জা আব্বাসকে দেখে হাদি

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে হাদি সমর্থকদের তীব্র প্রতিবাদের মুখে পড়েন একই আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাস

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে মির্জা আব্বাস ঢামেকের জরুরি বিভাগের সামনে পৌঁছালে ইনকিলাব মঞ্চের সদস্য ও হাদির সমর্থকরা তাকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করেন। এ সময় দ্রুত পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সেনাবাহিনীর হস্তক্ষেপ

স্লোগান ও উত্তেজনার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত সেনাবাহিনীর সদস্যরা দ্রুত মির্জা আব্বাসকে নিরাপত্তা দিয়ে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। বাইরে তখনও ইনকিলাব মঞ্চের কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

পরে বিকেল সাড়ে ৪টার পরে হাদিকে দেখে এবং তার স্বাস্থ্যের খবর নিয়ে হাসপাতাল ত্যাগ করেন বিএনপি নেতা মির্জা আব্বাস। তবে হাসপাতাল ছাড়ার সময় তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি।

বর্তমানে ঢামেক হাসপাতালে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া জরুরি বিভাগের প্রবেশমুখে সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে সেনাবাহিনীর গাড়ি হাসপাতাল এলাকায় প্রবেশ করে, এর আগে থেকেই পুলিশের উপস্থিতি বাড়ানো হয়।

হামলার ঘটনা ও হত্যার হুমকি

এরআগে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে করে আসা দুর্বৃত্তরা হাদিকে গুলি করে। গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদি বর্তমানে ঢামেক হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন আছেন।

উল্লেখ্য, হামলার আগে গত নভেম্বর মাসে হাদি দেশি-বিদেশি ৩০টি নম্বর থেকে হত্যা, বাড়িতে আগুন ও তার মা, বোন ও স্ত্রীকে ধর্ষণের হুমকি পেয়েছিলেন বলে জানিয়েছিলেন। ১৪ নভেম্বর এক ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন,

“গত তিন ঘণ্টায় আমার নম্বরে আওয়ামী লীগের খুনিরা অন্তত ৩০টা বিদেশি নম্বর থেকে কল ও টেক্সট করেছে… আমাকে সর্বক্ষণ নজরদারিতে রাখা হচ্ছে… আমাকে হত্যা করবে।”

সূত্র: সময় টিভি