গাজীপুরের কোনাবাড়িতে ঝুটের গুদামে আগুন লেগেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তাসারফ হোসেন জানান, কোনাবাড়ি এলাকায় স্থানীয় সিদ্দিকের ঝুটের গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গাজীপুর ও কাশিমপুর ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তিনি জানান, রাত সাড়ে নয়টার কিছু আগে কোনাবাড়ির আমবাগ এলাকায় ঝুট গুদামের আগুন লাগে। ঝুটের গুদামের আগুন আশপাশের বাসাবাড়িতে গিয়েও ছড়িয়ে পড়ে।
আগুন নিয়ন্ত্রণে আনতে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট কাজ করছে। এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোন খবর পাওয়া যায়নি।







