Home বাংলাদেশ সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ: চলছে ১৪৪ ধারা, থমথমে খাগড়াছড়ি

সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ: চলছে ১৪৪ ধারা, থমথমে খাগড়াছড়ি

230
0
সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদ

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের প্রতিবাদে খাগড়াছড়িতে তৃতীয় দিনের মতো আজও ‘জুম্ম ছাত্র-জনতা’-এর ব্যানারে ডাকা সড়ক অবরোধ চলছে। ১৪৪ ধারার মধ্যেই চলছে সড়ক অবরোধ।

সোমবার সকাল থেকে শহরে যান চলাচল বন্ধ। বন্ধ রয়েছে অধিকাংশ দোকানপাটও। শহরের বিভিন্ন মোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

১৪৪ ধারা ভঙ্গ করে গতকাল গুইমারায় অবরোধকারীরা সংঘবদ্ধ হলে পাহাড়ি-বাঙালি উত্তেজনা দেখা দেয়। এর মধ্যে গুলিতে ৩ জন নিহত হন। এ ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর ১৬ সদস্যসহ ২৮ জন আহত হন। এ সময় আগুনে পুড়িয়ে দেয়া হয় অসংখ্য দোকানপাট ও ঘরবাড়ি।

বর্তমানে খাগড়াছড়ি জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। এর মধ্যে জেলাজুড়ে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বলেন, ‘খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা বাহিনী কাজ করছে। নতুন করে যাতে আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, সে লক্ষ্যে আমরা কাজ করছি।’

খাগড়াছড়ি জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার বলেন, ‘খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় আইনশৃঙ্খলার চরম অবনতি হওয়ার আশঙ্কা দেখা দেয়ায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।’

উল্লেখ্য, গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা সদরের সিঙ্গিনালা এলাকায় প্রাইভেট পড়া শেষে ফেরার পথে কয়েকজন যুবক এক কিশোরীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। মামলার পর সন্দেহভাজন হিসেবে শয়ন শীল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে পুলিশ। ধর্ষণের ঘটনায় জড়িত সব আসামিকে গ্রেপ্তার ও বিচারসহ আট দফা দাবিতে তিন পার্বত্য জেলায় চলছে ‘জুম্ম ছাত্র-জনতার’ ডাকা অনির্দিষ্টকালের অবরোধ।

সূত্রঃ মানবজমিন