Home রাজনীতি মিরপুরে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

মিরপুরে দোকানে ঢুকে যুবদল নেতাকে গুলি করে হত্যা

321
0
মিরপুরে দোকানে ঢুকে যুবদল

রাজধানীর মিরপুরে দোকানে ঢুকে পল্লবী থানা যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে (৪৭) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ সোমবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় মিরপুর ১২ নম্বর সেকশনের সি ব্লকে একটি হার্ডওয়্যারের দোকানে এই হত্যাকাণ্ড ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোলাম কিবরিয়া দোকানে ঢোকার পরপরই মুখোশ ও হেলমেট পরিহিত কয়েকজন দুর্বৃত্ত ভেতরে প্রবেশ করে। তারা খুব কাছ থেকে তাকে লক্ষ্য করে একাধিক রাউন্ড গুলি ছোড়ে। কয়েকটি সূত্র বলছে, তাকে কমপক্ষে ৯টি গুলি করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় কিবরিয়াকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ মাকছুদের রহমান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় ইতোমধ্যে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকারীদের শনাক্তের চেষ্টা চলছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক নিশ্চিত করেছেন, নিহত গোলাম কিবরিয়া পল্লবী থানা যুবদলের সদস্য সচিব ছিলেন।

দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালানোর সময় ব্যাটারিচালিত এক অটোরিকশাচালক, যার নাম মো. আরিফ, তাকেও গুলি করে আহত করেছে। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

–নিউজ ডেস্ক