রাশিয়া যে ইউক্রেনে আরও বড়সড় হামলার ছক কষা শুরু করে দিয়েছে তারই একটি ছবি উপগ্রহ চিত্রে ধরা পড়ল। ম্যাক্সার টেকনোলজির সেই উপগ্রহ চিত্রে দেখা গেছে প্রায় ৬৪ কিলোমিটার দীর্ঘ রাশিয়ার একটি সেনা কনভয় ইউক্রনের রাজধানী কিয়েভের দিকে এগোচ্ছে।
মঙ্গলবার (১ মার্চ) ইউক্রেনের উত্তরে রাশিয়ার সেই কনভয় দেখা গেছে। খবর বিবিসি ও আনন্দবাজার পত্রিকার।
কিয়েভ এবং খারকিভে রাশিয়ার সেনাদের প্রবল বাধার মুখে পড়তে হচ্ছে। তাদের দিকভ্রান্ত করে ফাঁদে ফেলার জন্য কিয়েভ এবং খারকিভে ঢোকার রাস্তাগুলোর চিহ্ন মুছে ফেলা হয়েছে। জায়গায় জায়গায় ইউক্রেনীয় সেনা এবং নাগরিকদের বাধার মুখে পড়তে হচ্ছে রুশ সেনাদের। ফলে আরও বড় হামলা চালানোর জন্য বিশাল কনভয় নিয়ে কিভ এবং খারকিভের উপর আঘাত হানতে চাইছে রাশিয়া।
ইউক্রেনীয় শহর ইভানকিভেও প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ রাশিয়ার সেনা বহর সেভচেঙ্কার রাস্তা ধরে কিয়েভের দিকে এগোচ্ছে। সেই কনভয়ে ট্যাঙ্ক, সেলফ প্রপেলড আর্টিলারি, ইনফ্যান্ট্রি ফাইটিং ভেহিকলস রয়েছে।
খারকিভের ভেতরে ঢুকতে না পেরে সোমবার লাগাতার বোমাবর্ষণ করেছে রাশিয়া। সেই হামলায় ১১ জন নাগরিকের মৃত্যু হয়েছে ইউক্রেন দাবি করেছে। কিয়েভেও ১৪ জন শিশুসহ ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেন।
কিয়েভের মানুষ দুইদিনের কারফিউ শেষ হওয়ার পর কেনাকাটাসহ বিভিন্ন কাজে বাইরে বের হয়। তবে রাতে আবারও গোলা এসে পড়তে থাকায় তাদের পাতাল রেলস্টেশনসহ ভূগর্ভস্থ আশ্রয়ে আবার ছুটতে হয়।
সোমবার যখন রেলারুশে দুই দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক চলছিল তখনও কিয়েভসহ ইউক্রেনের বহু শহরে একের পর এক বোমাবর্ষণ, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গেছে। এমনকি রাশিয়া পরমাণু হামলারও হুমকি দিয়েছে। যা নিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে অপর পক্ষের দাবি আরও জোরালো হয়েছে। আন্তর্জাতিক মহলও রাশিয়াকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে।
সূত্রঃ ভোরের কাগজ






