রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা পেলে এবং ‘সাংবিধানিক আদেশ’ জারি হলে তাদের দল সনদে স্বাক্ষর করবে।
নাহিদ ইসলাম বলেন, “আমরা জুলাই সনদে কেবল কাগুজে প্রতিশ্রুতিতে বিশ্বাস করি না। বাস্তবায়নের স্পষ্ট নিশ্চয়তা চাই। এজন্য আমরা বলেছি—জুলাই সনদকে একটি সাংবিধানিক আদেশের মাধ্যমে কার্যকর করতে হবে, যা সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূস জারি করবেন। এই ক্ষমতা প্রেসিডেন্ট চুপ্পুর নেই।”
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর জনগণের সার্বভৌম ক্ষমতার একমাত্র বৈধ প্রতিনিধি এখন ড. ইউনূস। তাই সংবিধান-বহির্ভূত হলেও সাংবিধানিক আদেশ জারি করার এখতিয়ার তারই আছে, প্রেসিডেন্টের নয়।
“আমরা আইনি ও রাজনৈতিকভাবে এই বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরেছি,” যোগ করেন নাহিদ।
জুলাই সনদে অবস্থান স্পষ্ট করল এনসিপি
নাহিদ ইসলাম বলেন, জুলাই সনদ যেসব নীতির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, সেই অংশই গণভোটে তোলা হবে। গণভোটের মাধ্যমে অনুমোদন পেলে পরবর্তী সংসদ সাংবিধানিক সংস্কারের দায়িত্ব পাবে। ঐকমত্য কমিশনের সুপারিশের ওপর ভিত্তি করেই সরকার সিদ্ধান্ত নেবে, আর সেই সিদ্ধান্ত অনুযায়ী এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে।
তিনি আরও জানান,
“আমরা ‘নোট অফ ডিসেন্ট’ বিষয়ে বলেছি—এর কোনো কার্যকারিতা থাকবে না। সবাই এই বিষয়ে একমত।”
নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ
বৈঠকে নির্বাচন কমিশনের গঠন ও কর্মকাণ্ড নিয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপি। নাহিদ ইসলাম বলেন,
“আমাদের মনে হচ্ছে, বর্তমান নির্বাচন কমিশন নিরপেক্ষ নয়, স্বচ্ছ নয়। তারা কোনো কোনো দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে, আবার অন্যদের প্রতি বিমাতাসুলভ ব্যবহার করছে। এই অবস্থায় একটি গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”
তিনি সতর্ক করে বলেন,
“একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে হলে নির্বাচন কমিশনের পুনর্গঠন জরুরি। তা না হলে এর দায়ভার সরকারের ওপরই বর্তাবে।”
এনসিপি প্রতিনিধি দল
বিকেল ৫টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে অংশ নিতে পৌঁছান এনসিপির শীর্ষ চার নেতা। দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন—উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এবং যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ।
— নিজস্ব সংবাদদাতা










