Home রাজনীতি গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ

গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ

167
0

সরকারি সম্পদ অপব্যবহার, অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারসহ বেশ কয়েকটি অভিযোগে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তার জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ’কে।

বৃহস্পতিবার বিকেলে প্রজ্ঞাপন সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে মেয়র জাহাঙ্গীরকে বরখাস্ত করার কথা জানায় স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। এরপর গঠন করা হয় তিন কাউন্সিলরের সমন্বয়ে একটি মেয়র প্যানেল, যাতে প্রথমে রাখা হয় কিরণের নাম।

প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ২০(২) এর বিধানমতে গাজীপুর সিটি করপোরেশনের নিম্নলিখিত কাউন্সিলরগণের সমন্বয়ে তিন সদস্য বিশিষ্ট একটি মেয়রের প্যানেল মনোনীত করা হলো।

ওই প্রজ্ঞাপনে বলা হয়, আদেশ প্রাপ্তির তিন দিনের মধ্যে সাময়িক বরখাস্তকৃত মেয়র ক্রমানুসারে মেয়র প্যানেলের জ্যেষ্ঠ্য সদস্যদের নিকট স্বীয় দায়িত্ব হস্তান্তর করবেন।

প্যানেল মেয়রের তিন সদস্য হলেন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুর রহমান কিরণ, ৫২ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আব্দুল আলীম মোল্লা ও ২৮, ২৯, ৩০ নং সংরক্ষিত মহিলা কাউন্সিলর আয়েশা আক্তার।

গত সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী বিএনপি দলীয় মেয়র এম এ মান্নানকে স্থানীয় সরকার বিভাগ বরখাস্ত করার পর আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়র হিসেবে গাজীপুর সিটি করপোরেশনের দায়িত্ব পালন করেছেন।

গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, মন্ত্রণালয় থেকে গাজীপুর সিটি করপোশেনের প্যানেল মেয়র গঠন করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। ওই তালিকায় প্রথমে যার নাম আসবে, তিনিই ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করবেন। তার অনুপস্থিতিতে দ্বিতীয় জন, পর্যায়ক্রমে তৃতীয়জন দায়িত্ব পালন করবেন।

আসাদুর রহমান কিরণ গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আর আগেও একাধিকবার তিনি দেশের বৃহত্তম এই সিটি কর্পোরেশনটির ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন।