Home রাজনীতি রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

রাজধানীতে স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বিরকে গুলি করে হত্যা

আহত ১, তেজগাঁওয়ে সড়ক অবরোধ

267
0
স্বেচ্ছাসেবক দল নেতা মুছাব্বির

রাজধানীর তেজতুরি বাজার এলাকায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। বুধবার রাত সোয়া ৮টার দিকে বসুন্ধরা সিটি মার্কেটের পেছনের গলিতে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

এই হামলায় কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সুফিয়ান বেপারি মাসুদ (৫০) গুরুতর আহত হয়েছেন। তার পাঁজরে গুলি লেগেছে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণ: পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় মুছাব্বির শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৪০ জন নেতাকর্মী নিয়ে তেজগাঁওয়ের স্টার কাবাবের দোতলায় বৈঠক করেন। বৈঠক শেষে রাত ৮টার দিকে তারা নিচে নামেন। কিছুক্ষণ পর একটি মাইক্রোবাসে করে আসা লক্ষ্মীপুর বিএনপির এক নেতার সঙ্গে কথা বলে তাকে বিদায় দেওয়ার ৫ মিনিটের মধ্যেই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের সহযোগী আব্দুল মজিদ মিলন জানান, “আমরা চলে যাওয়ার পরপরই মাসুদের ফোন পাই। এসে দেখি দুজনেই গুলিবিদ্ধ অবস্থায় পড়ে আছেন।” প্রত্যক্ষদর্শীদের মতে, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা অতর্কিত গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়।

পুলিশের বক্তব্য: ডিএমপির তেজগাঁও বিভাগের এডিসি ফজলুল করিম জানান, মুছাব্বিরের পেটে তিন রাউন্ড গুলি লেগেছে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে নিকটস্থ বিআরবি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তবে হত্যার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

বিক্ষোভ ও যানজট: নেতা হত্যার খবর ছড়িয়ে পড়লে কারওয়ান বাজার ও সোনারগাঁও ক্রসিং এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ নেতাকর্মীরা সার্ক ফোয়ারা মোড় অবরোধ করেন, যার ফলে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। বিআরবি হাসপাতালের সামনেও শত শত নেতাকর্মী ভিড় করেছেন।