Home গদ্য-পদ্য মৃদুল আহমেদ এর মজার ছড়া “ জবড় জাং”

মৃদুল আহমেদ এর মজার ছড়া “ জবড় জাং”

545
0
প্রচ্ছদ- মৃদুল আহমেদ

মৃদুল আহমেদ এর মজার ছড়া “ জবড় জাং”…

একটি ঢিলে ভাঙল কাঁচ–
দুইটি ঢিলে সরগরম!
তিনটি ঢিলে বউ পালাল…
বিয়ের আসর বর গরম!
কাজীর ব্যাটা খুব বিপদে–
পাঞ্জাবিতে পানের পিক,
পাত্র এবং পাত্রীপক্ষ
ছুটছে সবাই দিকবিদিক!
খালার শাড়ি ঝোল মাখানো,
শ্বশুর পুরাই আহাম্মক–
কাঁদছে খোকা, তার বাটিতে
রসগোল্লায় আমের টক!
পাড়ার কুকুর খেঁকিয়ে মরে…
ভাঙ্গল চেয়ার দুইটা কি?
বাবুর্চিটা চেঁচিয়ে ওঠে–
ঝোপের ভেতর উইটা কী?
সবাই দেখে নতুন কনে
ভিরমি খেয়ে চিৎপটাং–
মেয়ের বাবা বুঝিয়ে বলেন,
ব্যাপারটা খুব জবড় জাং!
“নিশির ডাকের ভয় পাইছে
মাইয়াটা খুব ডরুইক্কা–
বুঝেই তো নাই ঢিল ছুঁড়ছে
পুরান পাগল ফারুইক্যা!”
ভূতকাতুরে মেয়ের নাকি
খুব অভ্যাস ভয় পাবার,
কেই না জানে, নিশির ডাকে
ডাক দিয়ে যায় তিনটিবার…
তিনটি ঢিলে চমকে উঠে
আসর থেকে পালায় তাই,
আসলে তো ঢিল ছুঁড়েছে
গ্রামের পাগল ফারুক ভাই!
মেয়ের কোনো প্রেম ছিল না,
কেবল ছিল ভূতের ভয়,
শ্বশুর হাসেন, তাইলে শেষে
হইছে আমার পুতের জয়!
সবাই খুশি টেবিল ফেরত–
রোস্ট মুরগির রান চাবায়,
কাজীও খুশি খুব বেশুমার…
মুসুর মুসুর পান চাবায়!
লেখক- মৃদুল আহমেদ