বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এই বিজয়কে শুধু একটি নির্বাচনী ফল হিসেবে দেখলে ভুল হবে। এটি আসলে দীর্ঘমেয়াদি কৌশল, রাজনৈতিক মনস্তত্ত্ব, যোগাযোগ তত্ত্ব এবং সংগঠনগত পুনর্গঠনের একটি সমন্বিত ফল। বিএনপির সাফল্যকে বুঝতে হলে বিষয়টিকে রাজনৈতিক বিজ্ঞানের বিভিন্ন তত্ত্ব দিয়ে ব্যাখ্যা করা প্রয়োজন।
১. নেতৃত্ব ও কৌশলগত ধৈর্য্য
রাজনীতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া সব সময় সফলতা আনে না। অনেক সময় অপেক্ষা করাই সবচেয়ে শক্তিশালী কৌশল। জনাব তারেক রহমান-এর নেতৃত্বে দল দীর্ঘ সময় ধরে একটি “ধৈর্য্যনির্ভর রাজনীতি” অনুসরণ করেছে। তাঁর রাজনৈতিক সিদ্ধান্তে তিনি নিজের কৌশলগত ধৈর্য্য তত্ত্ব মেনে রাজনৈতিক শক্তি অপচয় না করতে অপ্রয়োজনীয় সংঘাত এড়িয়ে যাওয়া এবং সঠিক সময়ের অপেক্ষা করার দিকে গুরুত্ব দিয়েছেন সবসময়। এই বিষয়গুলো দীর্ঘমেয়াদে বড় সুযোগ তৈরি করে। দলটি আবেগের রাজনীতি না করে সময়ের রাজনীতি করেছে।
২. গ্রাউন্ড গেইম থিওরি বনাম ডিজিটাল রাজনীতি
বর্তমান বিশ্বে অনেক দল ডিজিটাল প্রচারণাকে অতিরিক্ত গুরুত্ব দেয়। কিন্তু উন্নয়নশীল দেশের ভোট আচরণ এখনো গ্রাউন্ড গেইম নির্ভর।
গ্রাউন্ড গেইম থিওরি অনুসারে ভোটারদের সিদ্ধান্ত নির্ভর করে- সরাসরি যোগাযোগ, স্থানীয় সংগঠন ও সাংগঠনিক শক্তিমত্তা, ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা, কৌশলী
ক্যাম্পেইন, মাঠ পর্যায়ের যোগাযোগ এবং তৃনমূল পর্যায়ে প্রচারণার মতন বিষয়ের উপরে। এই তত্ত্বের বাস্তব প্রয়োগ জনাব তারেক রহমান এবং তাঁর দল করে দেখিয়েছেন।
৩. বিশ্বাসযোগ্যতা ও তথ্য রাজনীতি
রাজনীতিতে বিশ্বাসযোগ্যতা একটি অদৃশ্য সম্পদ। অপতথ্য ও গুজবের বদলে সঠিক তথ্যভিত্তিক প্রচারণা একটি দীর্ঘমেয়াদি কিন্তু ভীষণ কার্যকরী কৌশল।
বিশ্বাসযোগ্যতা তৈরি হলে এমনিতেই নিরপেক্ষ ভোটার আকৃষ্ট হয় পাশাপাশি স্বল্প সংখ্যক রাজনৈতিক কর্মসূচির মাধ্যমেই জনমত গঠন ও জনসম্পৃক্ততা তৈরি করা যায়।
একই সাথে দলীয় বার্তার গ্রহণযোগ্যতা বাড়ে। অন্যন্য দলের ফেক ফটোকার্ড ও ভুয়া ন্যারেটিভ সম্পর্কে দলটির সচেতনতা দলকে তথ্যযুদ্ধে শক্তিশালী করেছে।
৪. অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাব এড়ানো
রাজনীতিতে সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো অতি আত্মবিশ্বাস। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয়তা অনেক সময় বাস্তব সমর্থনকে ভুলভাবে প্রতিফলিত করে। বিএনপির নীতিনির্ধারকেরা বাস্তব পরিস্থিতি বিশ্লেষণ ও ঝুঁকি মূল্যায়ন করে প্রতিপক্ষের রাজনৈতিক ও নির্বাচনী কৌশলের বিকল্প পরিকল্পনা তৈরি করেছিল। একারণেই দলটি সোশ্যাল মিডিয়া হাইপের পেছনে ছোটেনি। প্রধান প্রতিপক্ষের সাথে এটিই ছিল তাদের বড় পার্থক্য।
৫. তরুণ ভোটারদের মানসিকতা বিশ্লেষণ ও ছাত্র রাজনীতি
বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদে বিজয়ী ফলাফলকে জাতীয় রাজনীতির আগাম সংকেত হিসেবে ধরে নিয়ে আত্মতুষ্টিতে ভোগা কিংবা পরাজিত হয়ে আতংকিত হওয়া, এ দুটোই জাতীয় রাজনীতির ক্ষত্রে বড় ভুল। কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ফলাফল কখনো জাতীয় রাজনীতির চিত্র হতে পারেনা।
তবে বিএনপি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদের তরুণ নেতৃত্বের পরাজয় থেকে তরুণ ভোটারদের মানসিকতা, পরিবর্তনের সূচক, ভবিষ্যৎ ভোট প্রবণতার পূর্বাভাসসহ অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে তাদের ভোটের প্রচারণা, ইশতেহার ইত্যাদিতে প্রয়োজনীয় রাজনৈতিক প্রস্তুতিকে এগিয়ে নিয়েছে।
৬. ধারাবাহিকতা এবং সাংগঠনিক স্থিতিশীলতা
দীর্ঘ সময় রাজনৈতিক চাপের মধ্যেও সংগঠনের ধারান্বাহিকতা অটুট রাখা একটি বড় অর্জন। সংগঠন টিকে থাকলে পরবর্তীতে সুযোগ এলে দ্রুত পুনরুত্থান সম্ভব এমন বিশ্বাস দলটির কর্মীদের মনোবল বজায় রেখেছিল। আর এই সহনশীলতাই ভোটারদের কাছে দলটির ভবিষ্যৎ ধারাবাহিকতার সম্ভাবনা তৈরি করেছে।
দলের শীর্ষ নেতৃত্বের ধৈর্য ও সহনশীলতা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
৭. মানবিক দর্শন ও সফট পাওয়ার পলিটিকস
সমাজের অসহায় মানুষ ও প্রাণীদের নিয়ে নানান মানবিক উদ্যোগসহ সামাজিক কার্যক্রম দলকে ভেটারদের নিকট একটি মানবিক দৃষ্টিকোণ দিয়েছে। এই সফট পাওয়ার পলিটিকসের ফলে মানুষের আবেগ দিয়ে ভোট দেয়। এই মানবিক উদ্যোগ রাজনৈতিক গ্রহণযোগ্যতা বাড়ায়।
৮. রাজনৈতিক অনুকূলতা বা অনুকূল সময়ের গুরুত্ব অপরিসীম। ২০২৪ এর ছাত্র-জনতা গণঅভ্যুত্থানের পর যখন জনমনে পরিবর্তনের চাহিদা তৈরি হল, দেশে
রাজনৈতিক পরিবেশ অনুকূল হল তখন এমন সময়ের জন্য প্রস্তুত বিএনপি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। এখানে অনুকূল পরিস্থিতির সহায়তা আসলে প্রস্তুতির ফল।
এই বিজয় ছিল কৌশলগত ধৈর্যের ফল, মাঠভিত্তিক রাজনীতির প্রত্যাবর্তন, তথ্যভিত্তিক প্রচারণার জয় এবং
সংগঠনগত স্থিতিশীলতার প্রমাণ। এটি কেবল একটি নির্বাচন নয়; এটি একটি সুসংহত এবং অন্যন্য এক পরিকল্পিত রাজনৈতিক প্রত্যাবর্তনের উদাহরণ।
লেখা-এইচ. এম. এ. হক মেহমেদ, গবেষক ও রাষ্ট্রচিন্তক,ফাউন্ডিং ডিরেক্টর,পলিসি বক্স







