ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও সাহসী কণ্ঠস্বর শরীফ ওসমান হাদীর মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে হাদীর প্রয়াণের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের বন্যায় ভাসছেন বিনোদন জগতের জনপ্রিয় তারকারা।
এদিকে, এই বীরের স্মরণে শনিবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তারেকাদের আবেগঘন শ্রদ্ধা শরীফ ওসমান হাদীর মৃত্যু সংবাদে শোক প্রকাশ করে অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা লিখেন, ‘শহীদ ওসমান বিন হাদী আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের প্রতীক হয়ে থাকবেন।’
চিত্রনায়ক সিয়াম আহমেদ তার ও তার শিশুপুত্রের ছবি শেয়ার করে কবিতার পঙক্তিতে শ্রদ্ধা জানান। অভিনেতা নিলয় আলমগীর এবং নাসির উদ্দিন খান শোকাতপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দেশে শান্তি ও প্রতিহিংসামুক্ত রাজনীতির প্রত্যাশা করেন।
অভিনেত্রী রুকাইয়া জাহান চমক তাকে ‘শহীদ বীর’ হিসেবে অভিহিত করেন এবং মডেল পিয়া জান্নাতুল মানুষের জীবনের মূল্য নিশ্চিত করার আহ্বান জানান। এছাড়া অভিনেতা আরশ খান রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আবেগঘন স্ট্যাটাস দেন।
মৃত্যুর প্রেক্ষাপট ও মরদেহ দেশে প্রত্যাবর্তন গত ১২ ডিসেম্বর ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী প্রচারণা শেষে ফেরার পথে সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তার মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
রাষ্ট্রীয় শোক ঘোষণা বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শরীফ ওসমান হাদীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং আগামী শনিবার (২১ ডিসেম্বর) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দেন।







