মামলার বিষয়ে কথা বলার জন্য আবাসিক হোটেলে নিয়ে এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বরিশাল মহানগরের স্টিমারঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) আবুল বাশারের বিরুদ্ধে।
এ ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার সকালে কোতয়ালি মডেল থানায় এসআই আবুল বাশারের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করলে দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়। আবুল বাশারকে আদালতে নেওয়া হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তারের পর তাকে আদালতে সোপর্দ করা হয়। পরে আসামিকে কারাগারে পাঠানো হয়।
মামলার নথির বরাতে ওসি আজিমুল বলেন, একটি মামলার বিষয়ে গত ৫ অক্টোবর ওই গৃহবধূ থানায় আসেন। সেখানে এসআই আবুল বাশারের সঙ্গে তার পরিচয় হয়। গত ১৩ অক্টোবর বিকালে মামলার বিষয়ে জানতে বাশারকে ফোন দেন ওই গৃহবধূ। তখন ঠিকানা চেয়ে নিয়ে ওই নারীর সঙ্গে দেখা করার এক পর্যায়ে এসআই বাশার জানান, তার নিজস্ব একটি অফিসিয়াল কক্ষ আছে, সেখানে গিয়ে তারা কথা বলতে চান।
তখন ওই নারী এসআই আবুল বাশারের সঙ্গে নগরীর প্যারারা রোডের আলভি নামের একটি আবাসিক হোটেলের ২০৪ নম্বর কক্ষে যান। বাশার সেখানে ওই নারীকে জোর করে ধর্ষণ করেন।
বরিশাল মহানগর পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম জানান, এসআই আবুল বাশারকে বরখাস্ত করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হবে।







