ঘুষ কেলেঙ্কারির মামলায় বিচারিক আদালতে দণ্ডিত দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাছির হাইকোর্টে জামিন পেয়েছেন।
বিচারপতি মো. রইস উদ্দিনের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (১৭ নভেম্বর)ঘুষ কেলেঙ্কারি মামলায় বাছিরকে ছয় মাসের জামিন দেয়। একইসঙ্গে আপিল শুনানির জন্য নথি প্রস্তুতির নির্দেশও দিয়েছে আদালত।
দুদকের আইনজীবী খুরশিদ আলম খান প্রতিদিনের বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন ফারুক আলমগীর চৌধুরী। এই জামিন আদেশের ফলে বাছিরের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তিনি।
এর আগে গত ২৩ আগস্ট হাইকোর্টের আরেকটি বেঞ্চ জামিন দিলেও পরে সেটি বাতিল হয়। এরপর ফের জামিন চেয়ে আবেদন করেন এনামুল বাছির।
চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি এনামুল বাছিরকে আট বছর ও পুলিশের বরখাস্ত উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তিন বছর কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। এ রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে জামিন আবেদন করেন বাছির। অপরদিকে তার সাজা বাড়াতে হাইকোর্টে আবেদন করে দুদক। দুদকের আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে।
২০১৯ সালের ১৬ জুলাই ৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের অভিযোগে পুলিশের বরখাস্ত উপ মহাপরিদর্শক মিজানুর রহমান ও দুদক পরিচালক এনামুল বাছিরের বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২২ জুলাই দুদকের পরিচালক ফানাফিল্লাহর নেতৃত্বে দুদকের একটি টিম মিরপুরের দারুস সালাম এলাকা থেকে এনামুল বাছিরকে গ্রেপ্তার করা হয়।
পরের দিন ২৩ জুলাই জামিন আবেদন বাতিল করে ঢাকার সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েস তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সূত্রঃ প্রতিদিনের বাংলাদেশ







