রাজনৈতিক জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেছেন, ইমরান খানকে হত্যার একটি চক্রান্তের খবর দিয়েছে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো।
এর পরই আজ শুক্রবার (১ এপ্রিল) ইমরান খান বলেন, ‘আমার জীবন হুমকির মুখে।’ জিয়ো নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, ২০২১ সালের আগস্ট থেকে তাকে যে হত্যার ষড়যন্ত্র চলছে তা নিয়ে তিনি অবগত।
এর আগে টুইটে ফাওয়াদ চৌধুরী বলেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র নিরাপত্তা সংস্থাগুলোর রিপোর্টে এসেছে। এসব রিপোর্টের পর সরকারের সিধান্ত মোতাবেক ইমরান খানের নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে।’
এছাড়া এর আগে গত বুধবার ইমরানের ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) নেতা ফয়সাল ভাওদাও দাবি করেন, প্রধানমন্ত্রী ইমরান খানের জীবন হুমকির মধ্যে, তাকে হত্যার পরিকল্পনা করা হচ্ছে।
দেশটির এক বেসরকারি টেলিভিশন চ্যানেলে ফয়সাল বলেন, ‘পাকিস্তানে রাজনৈতিক উত্তেজনা বাড়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী ইমরান খানকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।’
সূত্রঃ ইত্তেফাক







